৭০ শতাংশ ছাড়েও শপিংমলে ক্রেতার খরা

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০, আবার কোথাও ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

2026-11-15T14:48:52+06:00
2026-11-15T14:48:52+06:00
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
৭০ শতাংশ ছাড়েও শপিংমলে ক্রেতার খরা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম 
⏲
এআই দিয়ে তৈরি ছবি/সংগৃহীত
রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০, আবার কোথাও ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যে ‘ফ্ল্যাট ডিসকাউন্ট’ ও ‘একটি কিনলে একটি ফ্রি’সহ নানা অফার রয়েছে। কিন্তু এত আয়োজনেও ক্রেতাদের সাড়া মিলছে না। বিক্রেতারা বলছেন, মানুষের হাতে বাড়তি টাকা না থাকায় কমেছে কেনাকাটার আগ্রহ।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, অনেক দোকানে ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করছেন বিক্রেতারা। দু-একজন ক্রেতা পণ্য দেখছেন, দরদাম করছেন; কিন্তু কেনাকাটা করছেন কম। অনেকেই দাম শুনে না কিনেই ফিরে যাচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় মেটাতেই আয়ের বড় অংশ শেষ হয়ে যাচ্ছে। ফলে পোশাক কিংবা শৌখিন পণ্য কেনার মতো বাড়তি অর্থ থাকছে না মানুষের হাতে। আগে উৎসব বা মৌসুমি ছাড়ে শপিংমলগুলোয় ক্রেতাদের ভিড় বাড়লেও এবার বড় ছাড় দিয়েও বিক্রি বাড়ানো যাচ্ছে না।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এপেক্স শোরুমের ব্যবস্থাপক হায়দার আলি বলেন, আমাদের শোরুমে এর আগেও ছাড় দিয়েছি। কিন্তু এর আগে যে পরিমাণ ক্রেতা আসতেন, এবার তার অর্ধেকও নেই। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা আরও খারাপ অবস্থায় যাবে।

বোরকা কিনতে আসা ইয়াসমিন আক্তার বলেন, বোরকা দেখলাম। দুটি কিনতে চেয়েছিলাম। ৭০ শতাংশ ছাড়েও অনেক বেশি দাম মনে হচ্ছে। দেখি, পছন্দ হলে একটি নেব। তিনি আরও বলেন, আসলে হাতে টাকা নেই। তাই ছাড়ে পোশাক কিনতে আসছি। একজনের চাকরির টাকা দিয়ে নিত্যপণ্য কিনব, নাকি বাকি কেনাকাটা করব, বুঝতে পারছি না।

ক্রেতাদের অনেকে জানান, আগে পরিবারের একাধিক সদস্যের জন্য একসঙ্গে পোশাক কিনলেও এখন প্রয়োজনীয় একটি বা দুটি পণ্য কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। কেউ কেউ কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন। আবার ছাড়ের বিজ্ঞাপন থাকলেও সব পণ্যে সমান ছাড় পাওয়া যায় না বলে অভিযোগ তাঁদের।

ব্যবসায়ীরা জানান, বিক্রি কমলেও দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিলসহ পরিচালন ব্যয় কমছে না। ফলে আয়-ব্যয়ের হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বেশি পণ্য মজুত রাখা ব্যবসায়ীরা পড়েছেন বাড়তি দুশ্চিন্তায়। 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, মানুষের হাতে টাকাপয়সা না থাকায় কেনাকাটার সক্ষমতা কমেছে। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একধরনের অস্বস্তিও বিরাজ করছে। ফলে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েও দোকানপাট ও শপিংমলে ক্রেতা টানা যাচ্ছে না। বিক্রি বাড়াতে কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে সমিতি চিন্তাভাবনা করছে। আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরিকল্পনা জানানো হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প-শি-পুতিন
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
গোপালগঞ্জে লগি-বইঠা-রামদা হাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
চট্টগ্রামে সড়কে বসছে লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
বরুড়ায় আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কুমিল্লা আদর্শ সদর
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement