বরুড়ায় উৎসবমুখর পরিবেশ, খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শন এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল। রানার্সআপ হয়েছে চান্দিনা উপজেলা দল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ঘিরে মাঠজুড়ে ছিল ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে কুমিল্লার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশনসহ মোট ১৮টি দল অংশগ্রহণ করে। চারটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রুপ পর্বের খেলা তিনটি মাঠে অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় আদর্শ সদর ও চান্দিনা উপজেলা দল।
গত ২৩ সেপ্টেম্বর একই মাঠে বরুড়া ও নাঙ্গলকোট উপজেলা দলের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাগতিক বরুড়া উপজেলা দলও দারুণ নৈপুণ্য প্রদর্শন করে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়। তবে শেষ পর্যন্ত পরাজিত হয়ে তাদের শিরোপার স্বপ্নের সমাপ্তি ঘটে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল অংশগ্রহণ করায় এ টুর্নামেন্ট একটি আনন্দঘন ও উৎসাহব্যঞ্জক ক্রীড়া আয়োজনে পরিণত হয়েছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। খেলাধুলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন তথা সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব। এ ছাড়া কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য আদর্শ সদর উপজেলা দলের রবিউল ইসলাম সবুজ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চান্দিনা উপজেলা দলের মেহেদী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের জন্য গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসসহ আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের জন্য ছিল বিশেষ পুরস্কার ও সম্মাননা।
অনুষ্ঠানে বরুড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ আয়োজন কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয়; বরং প্রয়াত এ কে এম আবু তাহেরের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ, তরুণ প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াঙ্গনে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধি/আরএইচ