২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

টানা এক বছরের বেশি সময় ধরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০০ সালে অর্জিত এই

2026-11-14T17:00:07+06:00
2026-11-14T17:00:07+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
২৬ বছর পর ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
টানা এক বছরের বেশি সময় ধরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০০ সালে অর্জিত এই মর্যাদা ২৬ বছর পর প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের কার্যালয় প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও)।

শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তার এক বছরের বেশি সময় ধরে রোধ করতে না পারায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পিএএইচও। দেশটিতে বর্তমানে তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হাম সংক্রমণের ঘটনা ঘটছে। ২০২৫ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৭ হাজার ৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের বৃহস্পতিবার পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক সিটি ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫ হাজার ১৮২ জন রোগী শনাক্ত হয়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশটিতে টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে মানুষের দ্বিধা বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও বছরের পর বছর ধরে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়িয়ে আসছেন।

পিএএইচও তাদের মূল্যায়নে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া রোগতাত্ত্বিক ও পরীক্ষাগার সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেছে। দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে স্থানীয়ভাবে চলছে কি না, তা যাচাই করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

হামবিষয়ক একটি স্বাধীন পরামর্শক প্যানেলের প্রধান ও নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রিউয়ার মঙ্গলবার পিএএইচও-র কাছে সিডিসির প্রতিবেদন ও নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এত বেশি হামের সংক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলেও প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার সদস্য রয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের পর্যালোচনার পর কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। 

সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ সিদ্ধান্তের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারালেও সংস্থাটি আগের মতোই অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কাজ করে টিকাদানে উৎসাহিত করবে।

জনস্বাস্থ্যবিদদের মতে, কোনো দেশের ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয় এবং সংক্রমণ বন্ধ করা সম্ভব হয়। দুই ডোজ হামের টিকা নিলে প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। হাম থেকে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক উইলিয়াম মস বলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারানো জনস্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের সুনামের জন্য বড় ধাক্কা এবং এতে অন্য দেশগুলোও নিরুৎসাহিত হতে পারে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে দেশটিতে বড় আকারে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকার এবং সাধারণ নাগরিকদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে হলে যুক্তরাষ্ট্রকে সংক্রমণ বন্ধ করে অন্তত ১২ মাস প্রাদুর্ভাবমুক্ত থাকতে হবে। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে পিএএইচও এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement