ইরান যুদ্ধে ১৩৬ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় অন্তত ৫

2026-11-14T15:02:47+06:00
2026-11-14T15:02:47+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইরান যুদ্ধে ১৩৬ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় অন্তত ৫ জন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। 

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এই পরিসংখ্যান তুলে ধরেন।

পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খালেদ খিয়ারি বলেন, ‘এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিতে দেওয়া যায় না।’ একই সঙ্গে তিনি এই অঞ্চলে ‘সমুদ্রপথে নৌচলাচল সম্পূর্ণ পুনরুদ্ধারের’ আহ্বান জানান।

ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরাপত্তাজনিত ঘটনা ক্রমাগত বাড়ছে। সংঘাত শুরুর পর গত অক্টোবরেই সর্বোচ্চ সংখ্যক ঘটনা নথিভুক্ত হয়েছে। 

জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বরের মধ্যে হরমুজ ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে জাহাজ সংক্রান্ত ১৩৬টি নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কেবল অক্টোবরেই ৩৫টি এবং নভেম্বরে ১০টি ঘটনা ঘটেছে। 

খিয়ারি বলেন, ‘প্রতিদিনই সামুদ্রিক দুর্ঘটনার নতুন খবর আসছে। এই ঘটনাগুলো অগ্রহণযোগ্য। বেসামরিক নৌযান এবং বাণিজ্যিক জাহাজকে অবশ্যই লক্ষ্যবস্তু করা উচিত নয়।’

হরমুজের ‘অননুমোদিত’ বা ‘নিষিদ্ধ’ এলাকা দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে শনিবার ইরানি কর্তৃপক্ষ জানানোর প্রেক্ষাপটে জাতিসংঘ কর্মকর্তার এই মন্তব্য এল। সংঘাত চলাকালীন জলপথটি পার হওয়ার জন্য জাহাজগুলোকে অবশ্যই ইরানের অনুমোদন নিতে হবে বলে সতর্ক করে দিয়েছে তেহরান। নিয়ম লঙ্ঘনের অভিযোগে তারা একাধিকবার জাহাজে হামলাও চালিয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ এলাকায় চলাচলকারী যেকোনো আইন অমান্যকারী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে আগুনে পুড়ে যাবে।’

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি খোলা হবে না। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের জব্দকৃত অর্থ অবমুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তির সুস্পষ্ট ঘোষণা দেওয়া।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা প্রণালির প্রধান পথগুলো থেকে মাইন অপসারণ করেছে এবং জলপথটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। 

তবে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

নিরাপত্তা পরিষদে খালেদ খিয়ারি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক ব্যবস্থা ব্যয়বহুল, অনিশ্চিত এবং অনিরাপদ রয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘সমুদ্রপথে নৌচলাচলে বিঘ্ন ঘটার ফলে বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব অব্যাহত রয়েছে, যা জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বাড়িয়ে দিচ্ছে, মুদ্রাস্ফীতি উসকে দিচ্ছে এবং সার পরিবহন মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।’ সূত্র: আল জাজিরা

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement