গাজীপুরের শ্রীপুরে বনভূমির ভেতরে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের পাশাপাশি গাছ কেটে জায়গা পরিষ্কার করে শুকর পালনের অভিযোগ উঠেছে। এসব শুকর পাশের কৃষিজমিতে ঢুকে ফসল নষ্ট করছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। বনভূমির এমন অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের পরিবেশ। এর প্রভাব পড়ছে পাশের বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরও।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার রাথুরা ভিট এলাকার বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বন বিভাগের জায়গায় সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায়। বনভূমির বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া গাছ কেটে পরিষ্কার করা জায়গায় শুকর পালনের কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বনভূমির ওই অংশে ময়লা ফেলা হচ্ছে। শুকর পালনের সুবিধার্থে বনাঞ্চলের গাছপালা কেটে জায়গা তৈরি করা হয়েছে। এতে একদিকে বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে।
এদিকে শুকরগুলো পাশের কৃষিজমিতে গিয়ে বিভিন্ন ধরনের ফসল নষ্ট করছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকেরা।
ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশবিদ খোরশেদ আলম। পরে বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হলে বিট কর্মকর্তা শেখ এমদাদ ঘটনাস্থলে গিয়ে কেটে রাখা কাঠগুলো নিয়ে যান।
বিট কর্মকর্তা শেখ এমদাদ জানান, বিএনপি নেতা রিপনের মাধ্যমে সেখানে ময়লা ফেলা হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। পাশাপাশি পাবনা থেকে আসা একটি মালিগোষ্ঠী সেখানে এসে শুকর পালন করছে বলেও জানান তিনি। বনভূমিতে গাছ কাটার বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে কেটে রাখা কাঠগুলো নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিবেশবিদ খোরশেদ আলম বলেন, "বনের ভেতরে ময়লা ফেলে বন উজাড় করা হচ্ছে। এতে নিয়মিত পরিবেশ দূষিত হচ্ছে। শুকরগুলো পাশের জমিতে গিয়ে কৃষকের ফসল নষ্ট করছে। পাশেই বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় ময়লা-আবর্জনা ও শুকরের কারণে কোমলমতি শিশুদের শ্রেণিকক্ষে পাঠদানেও সমস্যা হচ্ছে। কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং বন টিকিয়ে রাখার জন্য ময়লা ও শুকর সরিয়ে নেওয়া জরুরি। একই সঙ্গে বনের গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"
স্থানীয়দের দাবি, বনভূমিতে ময়লা ফেলা ও শুকর পালন বন্ধের পাশাপাশি গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে বনভূমি ও বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
প্রতিনিধি/আরএইচ