কুমিল্লার চান্দিনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের আয়োজনে চান্দিনার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
চান্দিনা পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তপন কুমার দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত ঔষধ ব্যবসায়ীদের উদ্দেশে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর বিভিন্ন ধারা অনুযায়ী সাজা ও জরিমানার বিধান তুলে ধরেন। তিনি বলেন, নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ বা বিক্রয় এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় থেকে সব ব্যবসায়ীকে বিরত থাকতে হবে এবং এ বিষয়ে সচেতন হতে হবে। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানাসহ ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চান্দিনা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি বাদল চন্দ্র কর।
চান্দিনা পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হারুনের উপস্থিতিতে সভায় আরও অংশ নেন সমিতির সদস্য মো. নূরুল ইসলাম, বিজয় দত্ত, লক্ষ্মণ দাস, মো. জাকিরুল ইসলাম, মো. রুহুল আমিন (বরকইট), মো. রুহুল আমিন (কালিয়ারচর), মো. জয়নাল আবেদিন, মো. অহিদ উল্লাহ, পীযূষ সাহা ও সঞ্জিত নাহাসহ স্থানীয় অন্যান্য ঔষধ ব্যবসায়ীরা।
প্রতিনিধি/আরএইচ