জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত চার সদস্যের যৌথ তদন্ত টিম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে যৌথ টিমের সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং সদস্যসচিবের দায়িত্বে আছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটি কমিটি গঠন করে দিয়েছে। আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমরা আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেবো।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারে মাঠে দুটি টিম কাজ করছে।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমপি নুসরাত তাবাসসুম ও তার পরিবারের দাবি, পতিত আওয়ামী লীগের লোকজন পেট্রোল বোমা হামলা চালালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় সংসদ সদস্য নিজে বাদী হয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।
দেশবার্তা/একে