তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি শুরু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় দেশের ছয়টি এলাকায় এ কর্মসূচি চালু করা হয়েছে। এলাকাগুলো হলো ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকায় মোট ৬৬টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।
এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬টি, সাভারে ৮টি, ধামরাইয়ে ২টি, গাজীপুরে ৩০টি, নারায়ণগঞ্জে ১০টি এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে চাল বরাদ্দ রাখা হয়েছে।
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি করা হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) এ কার্যক্রম চলবে।
সংশ্লিষ্ট তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর করে চাল কিনতে পারবেন।
চাল কিনতে আসা ধামরাই উপজেলার এক পোশাকশ্রমিক বলেন, 'বর্তমান বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি। সংসারের খরচ মেটাতে আমাদের হিমশিম খেতে হয়। সরকার ৩০ টাকা কেজি দরে চাল দেওয়ায় কিছুটা কম খরচে চাল কিনতে পারছি। মাসে ১০ কেজি চাল পেলেও আমাদের পরিবারের জন্য অনেক উপকার হবে।'
খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রথম দিনেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। তাঁরা সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক তদারকি দল কার্যক্রম পর্যবেক্ষণ করছে। পাশাপাশি প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক বিজ্ঞতিতে এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
প্রতিনিধি/আরএইচ