জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই বাংলাদেশি।
তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ।
আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র বাংলাদেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের পরিচয়। এই পরিচয় নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।”
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ির আনন্দ ভবনে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু, সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ অন্যান্যরা।
প্রতিনিধি/আরএইচ