ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

2026-11-14T17:30:54+06:00
2026-11-14T17:30:54+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে বিদায়
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাঁকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী আয়োজন করেন সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা। আবেগঘন এ আয়োজনে ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও দীর্ঘদিনের স্মৃতিচারণ। বিদায়ের মুহূর্তে অনেকের চোখেই দেখা যায় অশ্রু।

শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে মোরেলগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নানা সাজে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায়ী শিক্ষককে বর্ণাঢ্যভাবে বিদায় জানানো। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষককে এমন ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানাতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। তাঁদের ভালোবাসা ও সম্মাননায় বিদায়ের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।

জানা গেছে, মো. হারুন অর রশিদ দীর্ঘ ৩৭ বছর ধরে প্রাথমিক শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। কর্মজীবনে তিনি ২৮৭ নম্বর জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরবর্তী সময়ে ২০২৪ সালে মোরেলগঞ্জ সদর ক্লাস্টারের ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষক সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক সাবেক রেজিস্টার্ড শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনুর আরেফিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা ও সারমিন খাতুন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসনে আরা হাসি।

এ ছাড়া উপস্থিত ছিলেন যশোরের মনিরামপুরের শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক আব্দুর রশিদ, শরণখোলা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, প্রধান শিক্ষক ওমর ফারুক তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনুর আরেফিন। ১৮০ নম্বর ফতেজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের হাওলাদার বিদায়ী শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করেন। এ সময় বক্তব্য দেন শিক্ষক তহিদুল ইসলাম, সরদার মনিরুল ইসলাম, রিপন কুমার হালদার, সাইফুল ইসলাম, মোস্তফা জামান, মশিউর রহমান কাজী ও জাকির হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০৫ নম্বর পশ্চিম কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাহাঙ্গীর হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে হারুন অর রশিদের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে হারুন অর রশিদ নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করার পাশাপাশি শিক্ষক সংগঠনের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা দীর্ঘদিন সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও শান্তি কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। উপহারের তালিকায় ছিল একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ, একটি এয়ার কুলার, ডিনার সেট, জায়নামাজ, টুপি, পাঞ্জাবি ও অসংখ্য বইসহ বিভিন্ন সামগ্রী। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক হারুন অর রশিদ। তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩৭ বছরের কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শিক্ষক হিসেবে তাঁর অর্জন, আদর্শ ও ভালোবাসা শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। সহকর্মী ও শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী বিদায় আয়োজন আবারও প্রমাণ করেছে, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, মানুষের হৃদয়েও স্থায়ী জায়গা করে নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement