শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন করবে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

প্রতি বছর শুষ্ক মৌসুমে, বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, চট্টগ্রামে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। এ

2026-11-14T17:27:34+06:00
2026-11-14T17:27:34+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন করবে চট্টগ্রাম ওয়াসা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রতি বছর শুষ্ক মৌসুমে, বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, চট্টগ্রামে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। এ সময় দৈনিক পানি সরবরাহ প্রায় ৮ থেকে ১০ কোটি লিটার পর্যন্ত কমে যায়। নদীতে পানির স্তর নিচে নেমে যাওয়া ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় বন্দরনগরীর স্বাভাবিক পানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।

এ সংকট কাটিয়ে শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে বিচ্ছিন্ন পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভাসমান ইনটেক স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে পানি শোধনাগারগুলোতে ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকলেও বাংলাদেশে চট্টগ্রাম ওয়াসা প্রথমবারের মতো এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির ধারণক্ষমতা তথা কর্ণফুলী নদীর পানিপ্রবাহের ওপর নির্ভর করে ওয়াসার পানি উৎপাদন।

কর্ণফুলী নদীর পানিপ্রবাহ কমে গেলে রাঙ্গুনিয়ায় অবস্থিত ওয়াসার সর্ববৃহৎ পানি শোধনাগার কর্ণফুলী-১ ও ২-এর পানি উৎপাদন হ্রাস পায়। পাশাপাশি, নদীর পানিপ্রবাহ কমে গেলে সমুদ্রের পানি হালদা নদীতে প্রবেশ করায় লবণাক্ততা বৃদ্ধি পায়। এ সময় হালদা নদীর তীরে অবস্থিত ওয়াসার দুটি পানি শোধনাগার—মোহরা ও মদুনাঘাটের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বোয়ালখালীতে অবস্থিত ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও লবণাক্ততার কারণে উৎপাদন কমাতে হয়। এ পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে সুপেয় পানির সরবরাহ ৮ থেকে ১০ কোটি লিটার কমে যায়। ফলে মহানগরীতে পানির জন্য হাহাকার ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

শুষ্ক মৌসুমে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত, পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা নিয়েছে ওয়াসা। এ পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ‘বাংলাদেশে সর্বপ্রথম চট্টগ্রাম ওয়াসায় ভাসমান ইনটেক স্থাপনের কাজ হাতে নেওয়ার পরিকল্পনা করছি। ভাসমান ইনটেক হলো এমন একটি পানি উত্তোলনব্যবস্থা, যা পানির স্তরের ওঠানামার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ওপরে বা নিচে ভাসতে পারে। বর্ষা বা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্পটি পানির ওপর ভেসে থাকে। ফলে পাম্প পানির নিচে ডুবে নষ্ট হওয়ার বা পানি শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। পানির গভীরতা পরিবর্তিত হলেও বারবার পাম্পের স্থান পরিবর্তন বা পাইপ ছোট-বড় করার ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে পানি তোলা যায়।

‘পানির একেবারে নিচের স্তরে কাদা, বালি ও পলি জমে থাকে। ভাসমান ইনটেক যেহেতু পানির উপরিভাগের ঠিক নিচ থেকে পানি টানে, তাই পাম্পে কাদা বা ময়লা ঢোকার সম্ভাবনা অনেক কম থাকে। পরিষ্কার পানি প্রবাহিত হওয়ার কারণে পাম্পের ভেতরের যন্ত্রাংশ, যেমন ইমপেলার, কম ক্ষয় হয় এবং পাম্পের রক্ষণাবেক্ষণ খরচ কমে যায়। মহানগরীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি। এটি বাস্তবায়নে কাজ শুরু করেছি।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘মৃত্যুর মুখ থেকে ফিরে জীবনের দর্শন বদলে গেছে’
বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
ডিসেম্বর ঘিরে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির
সুন্দর ও দূষণমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চান্দিনায় ঔষধ ও কসমেটিকস আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা
শ্রীপুরে বনভূমিতে ময়লা ফেলে শুকর পালন, ফসল নষ্টের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement