ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। আহত এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর শনিবার (১৪ নভেম্বর) সকালে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের কালিয়াকৈরে ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
এরপর শনিবার সকালে আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মৃত্যুর খবরটি গুজব বলে জানা গেলেও এর জেরে অনেক শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে উত্তেজনা বাড়লে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেন। এ সময় আশপাশের ১১টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরিস্থিতির কারণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বলেন, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, সকালে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে জড়ো হয়ে মহাসড়কে আসেন ওই ব্যক্তিরা। পরে তাঁদের আটক করা হয়। তাঁরা বর্তমানে কালিয়াকৈর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে সরকার মজুরি বোর্ড গঠন করলেও নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানায় ছুটি ঘোষণার ঘটনায় সামগ্রিক উৎপাদন পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিনিধি/আরএইচ