দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার ব্যাংকিং ও বিমা খাতকে লক্ষ্য করে প্রায় ৪৮ ঘণ্টায় ২০ লাখ সাইবার হামলা চালানো হয়েছে। বৈশ্বিক সাইবার হামলার প্রেক্ষাপটে দেশটির গুরুত্বপূর্ণ আর্থিক খাতগুলোতে এ তৎপরতা বেড়েছে। একই সঙ্গে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
মার্কিন বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেট জানিয়েছে, ইন্দোনেশিয়ায় সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। এসব হামলার বেশির ভাগই ব্যাংকিং খাতকে লক্ষ্য করে চালানো হচ্ছে।
ফর্টিনেটের ওয়েবসাইটে থাকা থ্রেটম্যাপের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় ১৬ লাখের বেশি সাইবার হামলা শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। এ সময়ে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ১৯টি হামলা শনাক্ত হয়েছে।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হামলার লক্ষ্য ছিল ব্যাংকিং খাত। এ খাতে প্রায় ৭ লাখ ৬১ হাজার হুমকি শনাক্ত হয়েছে। প্রযুক্তি খাতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার হুমকি। এ ছাড়া সরকারি সংস্থায় ১ লাখ ২১ হাজার, শিক্ষায় ৪৮ হাজার, উৎপাদন খাতে ৪২ হাজার এবং টেলিযোগাযোগ খাতে ১৮ হাজার হুমকি শনাক্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজ জানিয়েছে, গত ৭ নভেম্বর ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ৫০০টি সাইবার হামলার চেষ্টা শনাক্ত করা হয়। বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফোর্টিগার্ড ল্যাবসের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব হামলার সবচেয়ে বড় লক্ষ্য ছিল ব্যাংকিং, আর্থিক সেবা ও বিমা খাত।
ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, আর্থিক খাতকে লক্ষ্য করে প্রায় ২ লাখ ১৪ হাজার হামলার চেষ্টা শনাক্ত হয়েছে। সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে শনাক্ত করা হয় প্রায় ৭৯ হাজার প্রচেষ্টা। উৎপাদন ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার লক্ষ্যবস্তু ছিল।
পরদিন ৮ নভেম্বরের পর্যবেক্ষণে চিত্র কিছুটা বদলে যায়। ওই দিনের হিসাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে প্রায় ২ লাখ ৫৫ হাজার কার্যকলাপ শনাক্ত হয়। স্বাস্থ্যসেবা খাতে ১ লাখ ৮৪ হাজার, সরকারি খাতে ১ লাখ ১২ হাজার, উৎপাদন খাতে ৭৫ হাজার এবং প্রযুক্তি খাতে ৪৫ হাজার কার্যকলাপ শনাক্ত করা হয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও ইন্দোনেশিয়ান অ্যাসোসিয়েশন অব আইসিটি বিজনেসেসের (এপিটিকনাস) সাইবার নিরাপত্তাবিষয়ক ডেপুটি চেয়ারম্যান আলফন্স তানুজায়া এসব পরিসংখ্যান ব্যাখ্যার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
তাঁর মতে, হামলাগুলোর প্রধান লক্ষ্য ছিল আর্থিক খাত ও সরকারি ব্যবস্থাপনা। এসব খাতকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়। কারণ, ইন্দোনেশিয়া অর্থনীতি ও জনসেবার বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে।
আলফন্স জানান, শুধু এক দিনের তথ্যের ভিত্তিতে সাইবার হামলার প্রবণতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বরং তথ্যগুলো কখন সংগ্রহ করা হয়েছে এবং দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় সেগুলোর অবস্থান কী, তা বিবেচনায় নিতে হবে। এসব পরিসংখ্যান সফল সাইবার হামলা বা হ্যাক হওয়া ব্যবস্থার সংখ্যা নির্দেশ করে না। বরং শনাক্ত ও প্রতিহত করা হামলার প্রচেষ্টার হিসাব তুলে ধরে।
সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে যেসব খাত
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, করসংক্রান্ত তথ্য এবং অনলাইন সরকারি সেবার প্ল্যাটফর্মগুলো সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
দেশটির কর ব্যবস্থাপনা পদ্ধতি কোরট্যাক্স হ্যাক হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরুর পর বিষয়টি সামনে এসেছে। তবে ইন্দোনেশিয়ার জাতীয় কর কর্তৃপক্ষ এ ধরনের প্রতিবেদন অস্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, কোরট্যাক্স ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে এবং তথ্য ফাঁসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া দ্রুত জাতীয় ডিজিটাল রূপান্তর কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এর অংশ হিসেবে অনলাইন সরকারি সেবার পরিধি বাড়ানো হচ্ছে এবং ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।
ঝুঁকিতে আরও ৩ দেশ
ইন্দোনেশিয়া বিজনেস পোস্ট জানিয়েছে, পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি সাইবার হামলার চেষ্টা শনাক্ত হওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া রয়েছে। এর আগে জাপান বড় ধরনের সাইবার হামলার শিকার হয়।
প্রতিবেদনে উল্লেখ করা ২৪ ঘণ্টার একটি পর্যবেক্ষণ সময়ে ইন্দোনেশিয়ায় প্রায় ১ লাখ ৮৯ হাজার সাইবার কার্যকলাপ নথিভুক্ত হয়। একই সময়ে নিউজিল্যান্ডে ৯ লাখ ৯৩ হাজার, অস্ট্রেলিয়ায় ৫ লাখ ৫৮ হাজার এবং মালয়েশিয়ায় ৪ লাখ ৯৬ হাজার কার্যকলাপ শনাক্ত হয়েছিল। সংখ্যার তুলনায় এসব দেশও এখন পর্যন্ত সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
ড্যাশবোর্ডে ইন্দোনেশিয়ার কয়েকটি স্থান থেকেও সাইবার কার্যকলাপ শনাক্ত হওয়ার তথ্য দেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে জাকার্তা, কারাঙ্গানিয়ার, তেলুকজাম্বে ও কেন্ডাল। তবে কোনো দেশের ভৌগোলিক অবস্থান বা সেখান থেকে আসা ইন্টারনেট ট্রাফিক শনাক্ত হওয়ার অর্থ এই নয় যে প্রকৃত সাইবার অপরাধীরা ওই স্থানেই অবস্থান করছে।
বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ করা তথ্যের মধ্যে পার্থক্যও দেখায়, এ ধরনের ড্যাশবোর্ড মূলত শনাক্ত হওয়া সাইবার হুমকির চিত্র তুলে ধরে। এটি সফল হ্যাকিং বা তথ্য চুরির ঘটনার পূর্ণাঙ্গ হিসাব নয়।
ডিজিটাল ব্যাংকিংয়ে সতর্ক থাকার পরামর্শ
সাইবার হামলার পরিসংখ্যানকে ব্যাপকভাবে সিস্টেম হ্যাক হওয়ার প্রমাণ হিসেবে না দেখার পরামর্শ দিলেও আলফন্স বলেছেন, ডিজিটাল লেনদেন ও আর্থিক সেবার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে।
ব্যাংক গ্রাহকদের জন্য তিনি কয়েকটি নিরাপত্তাব্যবস্থা অনুসরণের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) কারও সঙ্গে ভাগ না করা এবং শুধু ব্যাংকের আনুষ্ঠানিক অ্যাপ বা সরাসরি ওয়েবসাইটের ঠিকানা লিখে ব্যাংকিং সেবা নেওয়া। পাশাপাশি নিয়মিত ব্যাংক হিসাবের লেনদেন পর্যবেক্ষণ করার পরামর্শও দিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়ার আর্থিক খাতকে লক্ষ্য করে সাইবার তৎপরতা অব্যাহত থাকায় এসব সতর্কতা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। এর উদ্দেশ্য ব্যাংক হিসাবের অপব্যবহার ও অননুমোদিত লেনদেনের ঝুঁকি কমানো।
দেশবার্তা/একে