শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানী ঢাকার মিরপুরে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়া নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হচ্ছে।
শরিফুল ইসলাম বলেন, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
সেই সঙ্গে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়ছে বিজিবি।
দেশবার্তা/একে