দেশজুড়ে বিভিন্ন স্থানে রাতভর গণপরিবহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। কোথাও পার্কিং করা বাস ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে, আবার কোথাও ১০ নভেম্বর ধর্মঘটের ডাক দেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে আগুন জ্বেলে বিক্ষোভ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) সারারাত ধরে চলা এসব কর্মকাণ্ডে চরম আতঙ্ক ও ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
ফরিদপুরে আগুনে পুড়ে চালক নিহত
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে গভীর রাতে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। সে সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. কালাচাঁদ (৫০) অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। রাত ৩টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কোতোয়ালি থানা পুলিশ কালাচাঁদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর, ধামরাই ও নওগাঁয় বাসে আগুন
গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে জয়দেবপুরের হোতাপাড়ায় একটি বাসে, সোমবার রাত ১১টায় চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে এবং সন্ধ্যায় ও ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে পার্কিং করা আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঢাকার ধামরাইয়ে উপজেলা ভূমি অফিসের সামনে সোমবার রাত ১টার দিকে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। এছাড়া নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে রাত সাড়ে ১২টার দিকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা।
নেত্রকোনায় ট্রেনে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে মঙ্গলবার ভোরে আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন দেখতে পান রেলকর্মীরা। পরে স্থানীয়দের সহায়তায় অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়। এতে বগিটির চারটি আসন পুড়ে গেলেও ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
এর আগে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই সময় স্টেশনসংলগ্ন এলাকায় সাবেক মেয়র ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান এবং তার ভাইয়ের বাসায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পদ্মা সেতু টোলপ্লাজায় ককটেল ও সংঘর্ষ
শরীয়তপুরের জাজিরা প্রান্তে সোমবার রাত দেড়টা থেকে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে বৈঠা হাতে অবরোধ করে রাখেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে টোল আদায় বন্ধ হয়ে পদ্মার উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবস্থানকালে অন্তত ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশি তৎপরতায় তারা সটে পড়েন। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে।
দক্ষিণাঞ্চল ও অন্যান্য জেলায় বিশৃঙ্খলা
পটুয়াখালী সদর উপজেলার পায়রা পাম্প এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফাত খান নেতৃত্ব দেন বলে জানা গেছে। ব
রগুনার বেতাগী পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া ছাড়াও একাধিক প্রতিষ্ঠান ও কলেজে তালা ঝুলিয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধের চেষ্টা চালানো হয়। পাবনা-কুষ্টিয়া ও পাবনা-চাটমোহর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি বেড়া কলেজে তালা ঝুলিয়ে দেয় পিকেটাররা।
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানের বস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করা হয়। মাদারীপুরের কালকিনিতে একাধিক ককটেল বিস্ফোরণের পর বিএম রাসেল (২৫) নামে এক যুবককে স্থানীয় জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে মানিকগঞ্জে বাসে আগুন, টায়ার প্রজ্জ্বলন ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে।
সারাদেশেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
দেশবার্তা/একে