ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. কালাচাঁদ (৫০) ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকদের সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
দেশবার্তা/জেএ