বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন একাধিক অভিনেতা। কারও বাড়িতে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে, আবার কাউকে কোটি কোটি রুপি চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কয়েকজন তারকার বাড়ির আশপাশে নজরদারি ও রেইকি করার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে বলিউডের প্রথম সারির একাধিক তারকাকে সতর্ক করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্ভাব্য হামলার আশঙ্কায় সালমান খান, অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত ও রণবীর কাপুরসহ বেশ কয়েকজন তারকাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি টাইগার শ্রফ, তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানার কাছেও হুমকিবার্তা পৌঁছেছে বলে জানা গেছে। তবে আয়ুষ্মানকে হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুম্বাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশিষ্ট বলিউড তারকাদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়েছে। তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বড় ধরনের জনসমাগমে অংশ নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে ভক্তদের সঙ্গে মেলামেশার সময় বিশেষ সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশি সূত্রের বরাতে জানা গেছে, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় অটোরিকশায় ঘুরে কয়েকজন তারকার বাড়ির আশপাশে রেইকি করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে তারকাদের যাতায়াত ও দৈনন্দিন গতিবিধি সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে সম্ভাব্য হামলা ঠেকাতে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এদিকে বলিউড তারকাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি আগের মতো নেই। ভাড়াটে শুটার ব্যবহার করে তারকাদের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি যাঁরা সরাসরি হামলাকারীদের লক্ষ্যবস্তু নন, তাঁরাও বিপদের মুখে পড়ছেন।
টাইগার শ্রফের প্রসঙ্গ টেনে মনোজ বাজপেয়ী বলেন, অনেক সময় এমন তারকাদের ওপরও হামলা চালানো হচ্ছে, যাঁরা প্রকৃত অর্থে হামলাকারীদের মূল লক্ষ্য নন। তাই বর্তমান পরিস্থিতিতে তারকাদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়া জরুরি।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ও একের পর এক নিরাপত্তা উদ্বেগের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে বলিউড তারকাদের নিরাপত্তার বিষয়টি। পরিস্থিতি বিবেচনায় তারকাদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে মুম্বাই পুলিশ।
দেশবার্তা/একে