তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকদের ভালোবাসায় একের পর এক সিজন পেরিয়ে বর্তমানে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটির পঞ্চম সিজন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, শেষ হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।
ধারাবাহিকটির সমাপ্তি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে এক আবেগঘন বার্তায় আরেফিন অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’
নির্মাতার এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের এই কাজের সঙ্গে তার আবেগ কতটা জড়িয়ে আছে। তবে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি অমি।
‘ব্যাচেলর পয়েন্ট’ এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এছাড়া ধারাবাহিকটিতে রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।
দেশবার্তা/একে