খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

দেশের ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান খেলাপি ঋণ আদায় এবং এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে বাংলাদেশ পুলিশের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

2026-11-09T20:04:10+06:00
2026-11-09T20:04:10+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম 
⏲
দেশের ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান খেলাপি ঋণ আদায় এবং এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে বাংলাদেশ পুলিশের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও বিএবির মধ্যে নিয়মিত ত্রৈমাসিক সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব দিয়েছেন সংগঠনটির নেতারা।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বিএবির একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, ঋণ শ্রেণিকরণের বর্তমান পরিস্থিতি এবং খেলাপি ঋণের পরিমাণ ও হার বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএবি নেতারা বলেন, নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে খেলাপি ঋণ আদায়, আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তাঁদের এ প্রস্তাবে সম্মতি জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে।

তিনি বলেন, একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়ক। রাষ্ট্রের উন্নয়ন এবং ব্যাংকিং খাতে সুশাসন, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক আইনানুগ সহযোগিতা দেওয়া হবে।

সভায় দেশের পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিত করতে ব্যাংকিং খাতের উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আইজিপি। একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় জননিরাপত্তা ও জনসচেতনতা বাড়াতে ব্যাংকগুলোর যৌথ অর্থায়নে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন আইজিপি। বিশেষ করে মাদকবিরোধী সচেতনতা, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। 

এ লক্ষ্যে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন, প্রামাণ্যচিত্র নির্মাণ ও বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও বিএবির ভাইস চেয়ারম্যান মনজুরুর রহমান, ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান ও বিএবির ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিআইজি (অ্যাডমিন) মো. হুমায়ুন কবীর এবং অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়া কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, খেলাপি ঋণ আদায়ে আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়নে আইনানুগ সহযোগিতা এবং জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement