রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন এ তথ্য জানান।
রূপনগর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ১টা ৪০ মিনিটের দিকে থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করা হয়।
এছাড়া সোমবার সকাল ৭টার দিকে রামপুরা থানার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রামপুরা থানা সূত্রে জানা গেছে।
অন্যদিকে গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজনকে, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিসি আকতার হোসেন।
দেশবার্তা/একে