পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের সুনির্দিষ্ট দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে ন্যূনতম মজুরি বোর্ডের সামনে পৃথকভাবে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শুরুর আগে বোর্ডের কাছে এই স্মারকলিপি জমা দেন শ্রমিক প্রতিনিধিরা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোট এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। বেলা ১২টায় বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়, যেখানে বোর্ডের সব সদস্য উপস্থিত ছিলেন।
শ্রমিক জোটগুলোর স্মারকলিপিতে জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো এবং এশিয়ার অন্যান্য দেশ- বিশেষ করে কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের ন্যূনতম মজুরি কাঠামোর সঙ্গে তুলনা করার প্রস্তাব রাখা হয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা জানান, দেশের প্রায় সাড়ে সাত কোটি শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। এই বিপুলসংখ্যক শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষ ও বাস্তবসম্মত মজুরি কাঠামোর কোনো বিকল্প নেই।
তাদের প্রস্তাব অনুযায়ী, ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন নির্ধারণ করতে হবে। শ্রমিকদের মতে, মূল বেতনের অনুপাত কম থাকলে ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়, যা দীর্ঘমেয়াদে শ্রমিকদের আর্থিক নিরাপত্তার জন্য ক্ষতিকর।
এছাড়া খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মোট মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বার্ষিক মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ১৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট চালুর দাবি জানানো হয়েছে।
এদিকে শ্রমিক জোটের বাইরে ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার টাকা করার দাবিতে বোর্ডের দ্বিতীয় সভা চলাকালে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে এই অঙ্ক নির্ধারণের জোরালো দাবি জানান।
শ্রমিকপক্ষের এসব পৃথক দাবি ও প্রস্তাবের ভিত্তিতে শেষ পর্যন্ত মজুরি বোর্ড কী ধরনের সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছেন পোশাকশ্রমিকসহ সংশ্লিষ্টরা।
দেশবার্তা/একে