পাকিস্তানের লাহোরে ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে গেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা। অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদলটি রোববার দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধিদলটিকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।
এর আগে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে পাকিস্তান হাইকমিশন। সেখানে হাইকমিশনার বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাদার সহযোগিতা ও দুই দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়াতে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি দুই দেশের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল গভর্নেন্সের মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
হাইকমিশনার জানান, ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ঢাকা সফরে ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর আওতায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালে শীর্ষস্থানীয় পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবং আরও ২০ জন শিক্ষার্থী শিগগিরই সেখানে যাচ্ছেন।
তিনি আরও জানান, চলতি বছরের শুরুতে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি সিভিল সার্ভেন্টের প্রথম ব্যাচ সফলভাবে এই এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং সম্পন্ন করেছিল। বর্তমান প্রতিনিধিদলটি এই উদ্যোগের দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের ক্রমবর্ধমান প্রশাসনিক সহযোগিতারই প্রতিফলন।
দেশবার্তা/একে