ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর হুমকির মুখে পড়েছেন অপরাধ গবেষক ও সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য এবং ‘আলাপ নিউজ’ এর বিশেষ প্রতিনিধি দীপু শিকদার। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই হুমকির পেছনে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট জড়িত রয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের অনিয়ম নিয়ে অনুসন্ধানে নামেন দীপু শিকদার। খবরের নিরপেক্ষতা বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়াও অভিযুক্ত দুই ব্যক্তির তথ্য ও ভিডিও বক্তব্য সংগ্রহ করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বিভিন্ন অভিযোগে মিরপুর ডেন্টাল কলেজে বদলি হওয়া মর্গের সাবেক ইনচার্জ যতন লাল এবং হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মর্গ সহকারী নূরে আলম শান্ত।
অভিযোগে দীপু শিকদার জানান, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) নূরে আলম শান্ত তাঁর সঙ্গে খুদেবার্তার মাধ্যমে যোগাযোগ করে প্রকাশিত সংবাদটির সততা নিয়ে আপত্তি জানান। দীপু শিকদার তাঁর যুক্তিকথা তুলে ধরার পরও শান্ত তাঁকে বারবার বার্তা পাঠাতে থাকেন। একপর্যায়ে শান্ত তাঁর কাছে থাকা সংবেদনশীল প্রমাণপত্র হস্তান্তর করতে বলেন। তা না করায় পরবর্তীতে ফোন ও মেসেজের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয় এবং আদালতে দেখে নেওয়ার কথা বলা হয়।
এদিকে সাংবাদিক দীপু শিকদারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জনস্বার্থ রক্ষা, অনিয়ম উন্মোচন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিককে ভয়ভীতি, হুমকি বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে চরমভাবে ব্যাহত করে।
বিবৃতিতে ক্র্যাব নেতারা অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত এবং জ্যেষ্ঠ সাংবাদিক দীপু শিকদারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
দেশবার্তা/একে