ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা এবং সেবাকাজের গুণগত মান বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সকাল সাড়ে ৯টায় সদর দপ্তরে পৌঁছালে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর মহাপরিচালক তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বক্তব্যের শুরুতে তিনি ফায়ার সার্ভিসকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তরে অবদান রাখা সাবেক সকল মহাপরিচালক ও কর্মকর্তা এবং অপারেশনাল দায়িত্বে প্রাণ উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় নিজের কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যের তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি।
দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ও প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক। এ সময় যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে এবং সকল বিভাগের উপপরিচালক ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। বেলা ১২টায় এই দরবার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দেশবার্তা/একে