মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে গত দুই মাসে পুলিশের ২৭ জন সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মাদক নির্মূলে আগে নিজের বাহিনীকে সংশোধন করার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, আগে ঘর পরিষ্কার হোক, তারপরে আপনারা পরিষ্কার হবেন।
রোববার দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, গত ১৭ বছরে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের পাড়ায় পাড়ায় মাদকের আখড়া তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এসব মাদক নির্মূল করবে কে? এ জন্য পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আইনশৃঙ্খলা সুরক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
দেশে পর্যাপ্ত জনবল না থাকার কথা উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, বর্তমানে পুলিশের সংখ্যা মাত্র ২ লাখ ১৫ হাজার। চলতি বছর নতুন করে ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা থাকলেও তাদের একযোগে প্রশিক্ষণ দেওয়ার মতো অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে, যা কাটাতে নতুন প্রশিক্ষণকেন্দ্র তৈরির কাজ প্রয়োজন।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নেওয়া নতুন পদক্ষেপের কথা জানিয়ে আইজিপি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কাজ করা এসব কমিটিতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরদের অপরাধমূলক তৎপরতা বন্ধ করা সম্ভব হবে।
এছাড়া সাইবার অপরাধ, গুজব ও মব প্রতিরোধে পুলিশের দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তরুণদের অপরাধপ্রবণতার পেছনে বেকারত্বকে দায়ী করে আইজিপি উল্লেখ করেন, দেশে প্রতিবছর ২৭ লাখ তরুণ বেকার হিসেবে যুক্ত হচ্ছেন। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ না করায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এবং তরুণদের মধ্যে হতাশা বাড়ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, গুজব, আপা আসবে, কে আসবে আর না আসবে, তা নিয়ে আমাদের প্রশাসনের, কমিউনিটি পুলিশের কোনো ভাবনা নেই।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ স্থানীয় কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে