লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের ওপর চড়াও হলে গ্রামবাসীরা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএসএফের পক্ষ থেকে গুলি ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি শূন্যরেখার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বামনদল সীমান্ত এলাকায় বাংলাদেশি কৃষকেরা নিজেদের কৃষিজমিতে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় বিএসএফের কয়েকজন সদস্য কোনো উসকানি ছাড়াই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। তাঁরা সেখানে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি কৃষককে বেআইনিভাবে মারধরের চেষ্টা করেন।
বিএসএফ সদস্যদের সীমান্ত অতিক্রম করে কৃষকদের ওপর চড়াও হওয়ার বিষয়টি দেখতে পেয়ে আশপাশের গ্রামের বাসিন্দারা দ্রুত একত্রিত হন। পরে শতাধিক বাংলাদেশি লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন এবং তাঁদের ধাওয়া দেন। গ্রামবাসীদের প্রবল প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। এ সময় তাঁদের মারধর করা হয়েছে বলেও গুঞ্জন ও অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধাওয়ার মুখে পিছু হটার একপর্যায়ে বিএসএফ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন এবং ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করেন। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করেছে। ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/আরএইচ