ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে চলমান ‘ক্লিন সানডে’ (Clean Sunday) কর্মসূচির আওতায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকেও এ পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অক্টোবর মাসে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। প্রতিটি উপজেলা থেকে একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতার সরঞ্জাম উপহার দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
অক্টোবর মাসে ‘ক্লিন সানডে’ কর্মসূচিতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ফুলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় (ফুলপুর), খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় (গফরগাঁও), সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ (ভালুকা), বারোয়ামারী উচ্চবিদ্যালয় (গৌরীপুর), দুল্লা উচ্চবিদ্যালয় (মুক্তাগাছা), কান্দিপাড়া আলিমুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ (দক্ষিণ গফরগাঁও), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সদর), নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় (নান্দাইল), বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয় (ঈশ্বরগঞ্জ), বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চবিদ্যালয় (ত্রিশাল), ধাইরপাড়া উচ্চবিদ্যালয় (ধোবাউড়া), মোজাহারদি উচ্চবিদ্যালয় (তারাকান্দা), ডিএস আলিম মাদ্রাসা (হালুয়াঘাট) এবং জনতা উচ্চবিদ্যালয় (ফুলবাড়ীয়া)।
এ ছাড়া নেতৃত্ব, উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ সদর উপজেলার ইউএনও মো. আরিফুল ইসলামকে ‘ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ অক্টোবর-২০২৬ প্রদান করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রত্যয়ে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন সানডে’ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রতিনিধি/আরএইচ