জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থী আব্দুর জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক বুধবার এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
মানি লন্ডারিং মামলায় একদিনের রিমান্ড শেষে বুধবার বিকেলে হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য দিলীপ আগরওয়ালকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদসহ কয়েকজন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিলীপ আগরওয়ালের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ১৯ অক্টোবর বিকেলে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ চোরাচালানের অভিযোগে মানি লন্ডারিং আইনে এক মামলায় দিলীপ আগারওয়ালার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার একদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন একই আদালত।
মামলার বিবরণে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের পশ্চিম পাশে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন। এ সময় আসামিদের নির্দেশে ও উপস্থিতিতে তাদের ওপর অতর্কিত গুলি চালানো হয়। এতে আন্দোলনকারী আ. জব্বার গুলিবিদ্ধ হয়ে মেরুদণ্ডের নিচের অংশে গুরুতর আঘাত পান। পরে জব্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। সুস্থ হওয়ার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।
দেশবার্তা/এমআর