রাজধানীর কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় মাদক কারবারি হিসেবে অভিযুক্ত মো. রাকিব হোসেন (২৫) পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল।
অভিযানে রাকিব হোসেনের ভাড়াকৃত তিন কক্ষবিশিষ্ট বসতঘর তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া হেরোইন (ওজন ১০ গ্রাম) এবং মাদক বিক্রির ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। অভিযুক্ত রাকিব হোসেন পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অধিদপ্তর জানায়, পলাতক রাকিব হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন মামলাটির বাদী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দেশবার্তা/একে