জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি ট্রেনিং সেন্টারে এই কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০২ (ইকুরিয়া, কেরানীগঞ্জ) এর উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের আওতায় পেশাদার চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি পরীক্ষা ও উচ্চ রক্তচাপ মাপাসহ মৌলিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। একই সঙ্গে তাদের সুস্বাস্থ্য বজায় রাখা, শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং সড়কে নিরাপদে যানবাহন চালনার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালকই কেবল নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই চালকদের নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে ‘সুস্থ চালক, নিরাপদ সড়ক’ স্লোগানকে সামনে রেখে সব চালককে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়।