নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে আনুষ্ঠানিকভাবে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এই কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বাপেক্স সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ পরিচালিত হয়। বাপেক্সের 'বিজয়-১০' রিগ ব্যবহার করে গত ৮ জুলাই এর খননকাজ শুরু হয়েছিল। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত সফল খনন শেষে কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান মেলে।
প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, আগামী ২০ বছর পর্যন্ত এই কূপ থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। ভোক্তা পর্যায়ের আর্থিক মূল হিসাবে উত্তোলিত এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান জানান, কূপটিতে তেল বা অন্য কোনো খনিজ পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা পরিচালনা করা হবে।
দেশবার্তা/একে