গোলের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ফুটবল ইতিহাসের অন্য এক অবিশ্বাস্য ও প্রায় অধরা রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন লিওনেল মেসি। পেশাদার ক্লাব ও জাতীয় দলের ক্যারিয়ারে গোল এবং অ্যাসিস্ট (গোলে সহায়তা) মিলিয়ে ১ হাজার ৪০০ সরাসরি অবদানের মাইলফলক থেকে মাত্র ৩৫ কদম দূরে রয়েছেন এই আর্জেন্টাইন যাদুকর।
মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করান মেসি। এই নিয়ে চলতি মৌসুমে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ২৬টিতে, আর অ্যাসিস্ট ১৩টি।
বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও থামেনি মেসির এই পারফরম্যান্সের ধারা। পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত ১ হাজার ১৮৪টি ম্যাচে মাঠে নেমে তিনি গোল করেছেন ৯৩৭টি। অর্থাৎ গড়ে প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল জড়িয়েছেন জালে।
তবে রোনালদোসহ অন্যান্য ফুটবলারদের থেকে মেসিকে আলাদা ও বহু দূর এগিয়ে রেখেছে তাঁর অ্যাসিস্টের ঝুলিউ। ক্যারিয়ারজুড়ে এখন পর্যন্ত ৪২৮টি গোলে সরাসরি সহায়তা করেছেন এই ছন্দময় ফরোয়ার্ড। সব মিলিয়ে আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে ১ হাজার ৩৬৫টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি।
পরিসংখ্যান অনুযায়ী, গড়ে প্রতি ৭১ মিনিটে একটি করে গোল বা অ্যাসিস্ট উপহার দিয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। আর মাত্র ৩৫টি অবদান রাখলেই প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার ৪০০ গোল অবদানের ইতিহাসের জন্ম দেবেন তিনি।
সাম্প্রতিক ফর্মও মেসির এই মাইলফলক দ্রুত স্পর্শ করার বার্তা দিচ্ছে। ২০২৬ বিশ্বকাপের অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে শেষ ২৭ ম্যাচে ৩৬টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।
অন্যদিকে, শুধু গোলসংখ্যার দিক থেকে এখনও মেসির চেয়ে রোনালদো কিছুটা এগিয়ে। ১ হাজার ৩৪৩ ম্যাচ খেলে পর্তুগিজ সুপারস্টারের গোলসংখ্যা ৯৮৫টি। তিনি গড়ে প্রতি ১১১ মিনিটে একটি করে গোল করেছেন। বর্তমানে মেসির চেয়ে ৪৮টি বেশি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন আল নাসর অধিনায়ক।
তবে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত পরিসংখ্যানে ব্যবধানটা স্পষ্টভাবেই মেসির পক্ষে। রোনালদোর ১ হাজার ২৪৬টি গোল অবদানের বিপরীতে মেসির সংগ্রহ ১ হাজার ৩৬৫টি। মূলত অ্যাসিস্ট বা সতীর্থদের দিয়ে গোল করানোর আকাশচুম্বী ব্যবধানই মেসিকে রোনালদোর চেয়ে বহুদূর এগিয়ে রেখেছে, যে ব্যবধান টপকানো রোনালদোর পক্ষে প্রায় অসম্ভব।
দেশবার্তা/একে