| চলমান বার্তা: |

ফাহিম বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। গ্রুপে সেরা হওয়ার জন্যই লড়ব।’ ওয়েলস ও পর্তুগালের মতো দলের মুখোমুখি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। আমরা তাদের বিপক্ষে লড়াই করব।’
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ ফেস্টিভ্যালকে বৈশ্বিক পর্যায়ে আয়োজন করছে। আজারবাইজানে ১৯১টি দেশ এই বয়সভিত্তিক বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে। দলগুলোকে ভাগ করা হয়েছে ৩২টি গ্রুপে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে নকআউট পর্বে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারা দলগুলো খেলবে প্লেট পর্যায়ে।
ফেস্টিভ্যালের ম্যাচ হবে ২০ মিনিট করে দুই অর্ধে। প্রতি দলে খেলবে আটজন করে ফুটবলার। আগামী ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
দলের প্রস্তুতি নিয়ে কোচ আকবর হোসেন রিদন বলেন, ‘এক দিনে দুটি খেলা থাকবে, সেটা আমাদের জানা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। প্রায় তিন মাস দলের অনুশীলন হয়েছে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাফুফে ভবনে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এই ভবন ও ফুটবল আমার অস্তিত্ব। তোমাদের মতো আমিও এ রকম চেয়ারে বসতাম। তোমরাই সামনে জাতীয় দলে খেলবে। ওয়েলস, পর্তুগালের মতো দলের সঙ্গে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’
এ সময় অধিনায়ক ফাহিম দলের সব খেলোয়াড়ের জন্য ভালো মানের বুট চান। জবাবে প্রতিমন্ত্রী দলের প্রত্যেক খেলোয়াড়কে বুট এবং দুই গোলরক্ষককে উন্নত মানের গ্লাভস উপহার দেওয়ার ঘোষণা দেন। বিশ্বকাপে ভালো করলে আরও উপহার দেওয়ার আশ্বাসও দেন তিনি।
দেশবার্তা/এমআর
