চোটের কোনো আভাস ছিল না, আগের দিনও টুর্নামেন্টের সমস্ত আনুষ্ঠানিকতায় ছিলেন অধিনায়ক লিটন দাস। ম্যাচের দিন টসের সময় জানা যায় তার না থাকার খবর। পরে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, কেবল প্রথম ম্যাচ নয়, লিটন ছিটকে গেছেন পুরো আসর থেকেই।
শনিবার আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস করতে যান ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। তিনি জানান, কিছুটা চোট থাকায় লিটন খেলতে পারছেন না।
পরে ফিজিওর ব্যাখ্যায় আসে পুরো আসর থেকেই লিটনের ছিটকে যাওয়ার খবর, ‘লিটন কুমার দাস গতকাল একটা অস্বস্তির অভিযোগ করেন তার ডান দিকের হিপ জয়েন্টে, তো আমরা গতকাল একটা এমআরআই করাই। এমআরআই রিপোর্টে আসছে যে ওর একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টের মধ্যে। লিটন আজকে তারপরেও একটু চেষ্টা করেছিল ফিটনেস টেস্টে, চেষ্টা করছে যে পারা যায় কিনা, কিন্তু সে খেলতে পারছে না। যতটুকু বেঞ্চমার্ক (ফিটনেসের), ওই বেঞ্চমার্ক ক্লিয়ার করতে পারে নাই, যতটুকু আমরা চাই। কাজেই এই সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।’
এদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজ এই ম্যাচ খেলতে পারছেন না বলেও নিশ্চিত করেছেন বায়েজিদ।
মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়কত্ব দেওয়া হয় লিটনকে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়া লিটনের যাত্রা শুরু হওয়ার কথা ছিল এই ত্রিদেশীয় সিরিজে। শুরুতেই ধাক্কা খেলেন তিনি।
দেশবার্তা/এমআর