আইপিএলের নতুন আসর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ভক্তদের মনে প্রশ্ন জেগেছে- এবার কি মাঠে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার আগামী আসরে খেলবেন কি না, তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশী বিশ্বনাথন।
এর আগের আসরের মতো এবারও বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো বার্তা দেননি সিএসকে প্রধান নির্বাহী। চেন্নাইয়ে সাবেক এই অধিনায়কের ভবিষ্যৎ ও খেলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বল ঠেলে দেন ধোনির কোর্টেই। বিশ্বনাথন জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ধোনির ব্যক্তিগত এবং চেন্নাইয়ে এসে তিনি নিজেই নিজের সিদ্ধান্তের কথা ফ্র্যাঞ্চাইজিকে জানাবেন।
স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন বলেন, এই প্রশ্নটা আপনাদের উচিত তাকে করা। আমারও তাকে জিজ্ঞাসা করতে হবে। সে চেন্নাইয়ে আসার পর তার সিদ্ধান্তের কথা আমাদের জানাবে। আমার মনে হচ্ছে চেন্নাইয়ের হয়ে তার খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা তো জানেন, সে এখনও একজন খেলোয়াড়।
উল্লেখ্য, এর আগে ফিটনেস ও ইনজুরির নানা জল্পনা-কল্পনার মধ্যেই চেন্নাইয়ের প্রতিটি ম্যাচের আগে ধোনির খেলা নিয়ে ভক্তদের মধ্যে ধোঁয়াশা তৈরি হতো। এবারও তার অংশগ্রহণ নিয়ে নিশ্চিত করে কিছু না জানা গেলেও, ফ্র্যাঞ্চাইজি কর্তার এই বক্তব্যে ধোনির হলুদ জার্সিতে মাঠে ফেরার ক্ষীণ আশা জিইয়ে রয়েছে চেন্নাই সমর্থকদের মনে।
দেশবার্তা/একে