মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার (১০ অক্টোবর) প্রথম বিভাগ হকি লিগ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান দেশের হকির ঘরোয়া লিগ নিয়মিত ও ধারাবাহিকভাবে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের সময়োপযোগী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ঘরোয়া হকির ধারা বজায় রাখতে বিভিন্ন ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া খেলোয়াড়দের উদ্দেশে টুর্নামেন্টজুড়ে ফেয়ার-প্লে ও শৃঙ্খলা বজায় রেখে খেলার নির্দেশনা দেন তিনি।
দীর্ঘদিন পর ঘরোয়া লিগ মাঠে ফেরায় খেলোয়াড় ও হকিপ্রেমীদের মাঝে উচ্ছোস দেখা গেছে। এবারের লিগে মোট ১১টি ক্লাব অংশ নিচ্ছে। দলগুলো হলো ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, রায়ের বাজার এসসি এবং ঢাকা ইয়ং স্টার ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহফের শীর্ষ কর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/ইআই/একে