রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি, সাংবাদিক ও সংগঠক সাইদুর রহমানের স্মরণে রাজশাহীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, সাইদুর রহমান সারা জীবন মানুষের অধিকার, কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী অবস্থান ও সাংবাদিকতায় অবদান রাজশাহীর মানুষের কাছে তাঁকে স্মরণীয় করে রাখবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’ এ শোকসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং সুজনের রাজশাহী সভাপতি আহমদ সফিউদ্দিন। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু।
প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সালে ফাত্তা, অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, ওয়ালিউর রহমান বাবু, মাসুদ রানা সরকার ও নূরে ইসলাম মিলনসহ অন্যরা।
বক্তারা বলেন, সাইদুর রহমান শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর এবং মানবকল্যাণে নিবেদিত সংগঠক। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। তাঁর হাত ধরে অনেক সাংবাদিক পেশাগত জীবনে এগিয়ে গেছেন। সততা, সাহসিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
সাইদুর রহমান দীর্ঘদিন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা শুরু হয়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভোরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন কিডনি রোগে ভোগার পর গত ২১ সেপ্টেম্বর তিনি মারা যান।
শোকসভা পরিচালনা করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ আহমেদ রাফী ও সাংগঠনিক সম্পাদক আরফিন রহমান কনক। সভায় রাজশাহীর সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ