অল্প খরচে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পুষ্টির চাহিদা পূরণ—ডিমের বহুমুখী উপকারিতা তুলে ধরে পোল্ট্রি খামারিদের সুরক্ষায় গুরুত্ব দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, ডিমের উৎপাদন প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে সবার আগে খামারিদের বাঁচাতে হবে। খামারিরা টিকে না থাকলে ডিম উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। পরে দপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিথি আপ্যায়নে ডিমের সাশ্রয়ী ব্যবহারের কথা তুলে ধরে ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘আপনার বাড়িতে হঠাৎ একজন অতিথি চলে এলেও আপনি তাঁকে একটি ডিম পোচ করে চমৎকার আপ্যায়ন করাতে পারেন। একটি ডিমের দাম সামান্য কয়েক টাকা, কিন্তু এত কম টাকায় বাজারে এমন আর কোনো পুষ্টিকর খাবার নেই, যা দিয়ে অতিথি সৎকার করা সম্ভব। অন্য কিছু দিয়ে আপ্যায়ন করতে গেলে আপনার ব্যয় হবে বহুগুণ।’
সুষম খাদ্যে ডিমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডিম সহজলভ্য ও স্বল্পমূল্যের খাবার। এতে মানবদেহের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও নানা উপাদান রয়েছে। রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি ও শারীরিক গঠনে নিয়মিত ডিম খাওয়ার বিকল্প নেই।
পোল্ট্রি খামারিদের সংকটের কথা উল্লেখ করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, একটি ডিম উৎপাদনে যে ব্যয় হয়, খামারিরা সে অনুযায়ী লাভ পাচ্ছেন না। দেশে ডিম উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রান্তিক খামারিদের নিরলস শ্রম রয়েছে। তাঁদের টিকিয়ে রাখতে না পারলে উৎপাদন ব্যাহত হবে।
খামারিদের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, বাজারে নিরাপদ ডিম সরবরাহ এবং হাঁস-মুরগিকে রোগমুক্ত রাখতে প্রাণিসম্পদ বিভাগ কাজ করছে। খামারিদের নিয়মিত টিকা দেওয়ার মাধ্যমে হাঁস-মুরগিকে রোগমুক্ত রাখার আহ্বান জানান তিনি। দেশবাসীকে নিরাপদ ও রোগমুক্ত ডিম খাওয়াতে পারলেই বিশ্ব ডিম দিবস পালনের মূল উদ্দেশ্য সফল হবে বলে মন্তব্য করেন তিনি।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আব্দুল আজিজ প্রধান, কুড়িগ্রাম সদর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী লিটু এবং কুড়িগ্রাম সদর ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নয়ন। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক স্থানীয় পোল্ট্রি খামারি উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ