ইরানে তিন দিনব্যাপী তীব্র সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন কোনো হামলা চালাবে না।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই পেন্টাগন এই রূপরেখা তৈরি করেছে। গত শুক্রবার ক্যাম্প ডেবিডে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা পরিকল্পনাটি নিয়ে আলোচনা করেন।
পরিকল্পনাটির মূল লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভাণ্ডার, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধের পর পুনর্গঠন করেছে। এ ছাড়া সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের জ্বালানি কেন্দ্র, সামরিক সদর দপ্তর ও পারমাণবিক স্থাপনা।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, পেন্টাগন এরই মধ্যে সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ইরানের বিরুদ্ধে বড় ধরনের লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছে। তবে হামলা শুরুর বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চলমান সামরিক প্রস্তুতির মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ এক পোস্টে জানান, তেহরানের সঙ্গে তাদের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং নির্বাচনের আগে কোনো আক্রমণ করা হবে না।
এদিকে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আগামী সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন থাকার কথা রয়েছে।
দেশবার্তা/একে