বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ বা জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা চাই-এমন প্রশ্নের জবাবে নিজের মনের কথা প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর চাওয়া, জীবনসঙ্গীকে হতে হবে ভালো মানুষ এবং তাঁর সেরা বন্ধু। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভালোবাসতে হবে তাঁর সন্তানদেরও।
দুর্গাপূজা উপলক্ষে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। এবারের পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির প্রচারণার ফাঁকে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার একপর্যায়ে বিয়ে প্রসঙ্গে মুখ খোলেন এই অভিনেত্রী।
জীবনসঙ্গী কেমন হওয়া উচিত-এমন প্রশ্নে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’
তবে নিজের বিয়ে নিয়ে আপাতত তাড়াহুড়ো নেই মিমির। বরং অন্যের বিয়েতে অংশ নিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। মজার ছলে অভিনেত্রী বলেন, ‘অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তাঁর বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন একটু বেশি থাকলে সবচেয়ে ভালো হয়। আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’
অর্থাৎ, আপাতত নিজের বিয়ে নিয়ে ভাবনার চেয়ে অন্যের বিয়ের আনন্দ উপভোগ করতেই বেশি আগ্রহী এই অভিনেত্রী।
উল্লেখ্য, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।
দেশবার্তা/একে