| চলমান বার্তা: |

সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ এখনো শেষ হয়নি। নির্মাতারা ছবিটির চূড়ান্ত সংস্করণও এখনো নির্ধারণ করতে পারেননি। ফলে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) কাছে সিনেমাটি জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়নি।
চলতি বছরের এপ্রিলে ‘মাতৃভূমি’ মুক্তির কথা ছিল। পরে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি বছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে এবং তার আগে সিবিএফসির ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে—এমন খবরও প্রকাশিত হয়েছিল।
তবে সর্বশেষ তথ্য বলছে, ছাড়পত্রের জন্য জমা দেওয়ার মতো অবস্থায় এখনো পৌঁছায়নি সিনেমাটি। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, সংগীত পরিচালক রবি বসরুর বর্তমানে অক্টাভিয়া স্টুডিওসে ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করছেন। একই সঙ্গে সিনেমাটিতে বেশ কিছু পরিবর্তন আনার কাজও চলছে।
সিনেমাটিতে যেসব পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো যুক্ত করা হচ্ছে। এসব কাজ শেষ না হওয়া পর্যন্ত ছবিটির চূড়ান্ত কাটও নির্ধারণ করা হচ্ছে না।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাকি পরিবর্তনগুলো শেষ হওয়ার পর ‘মাতৃভূমি’ সিবিএফসির কাছে পাঠানো হবে। এরপরই মুক্তির তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ চূড়ান্ত কাট নির্ধারণ এবং ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
এদিকে সালমান খানের হাতে রয়েছে আরও একটি সিনেমা। নির্মাতা ভামসি পেইডিপল্লির পরিচালনায় নির্মিতব্য ওই সিনেমার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এটি ‘মনস্টার’ নামে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। এতে সালমান খানের বিপরীতে নয়নতারা অভিনয় করতে পারেন। আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও খবর রয়েছে।
দেশবার্তা/এমআর
