নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে নাটোরের উদ্দেশে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ওঠেন ক্রিল ল্যান্ডার উইবার। বিকালে তিনি নাটোর রেলস্টেশনে নামেন। সেখান থেকে অন্য ট্রেনে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল তার। নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে ক্রিল ল্যান্ডারের ব্যাগটি নিয়ে পালিয়ে যান। ব্যাগে ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটি না পেয়ে স্টেশনেই কান্নায় ভেঙে পড়েন জার্মান এই পর্যটক। পরে বিষয়টি তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করে এবং তাকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেয়। এরপর তিনি থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান এবং লিখিত অভিযোগ দেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান আগামীর সময়কে বলেন, ‘বিষয়টি জিআরপি পুলিশের। যেহেতু তিনি বিদেশি নাগরিক, সে ক্ষেত্রে বিষয়টি আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছি। থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।’
দেশবার্তা/জেএ