শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বুধবার (৭ অক্টোবর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
একই চিঠিতে প্রত্যেক বিভাগের সাংগঠনিক সম্পাদককে নিজ নিজ বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে কেউ যাতে কোনো ধরনের চক্রান্ত বা নাশকতা করতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি, সংহতি এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে স্থানীয়ভাবে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে।
চিঠিতে বলা হয়, পূজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচর কিংবা দেশের ভাবমূর্তি বিনষ্টে চক্রান্তকারীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মীদের সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখতে হবে।
নিজ নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তি, স্বস্তি ও নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা সদর ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন প্রত্যেক উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সদস্যদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করতে হবে।
এসব টিমের মাধ্যমে দিন-রাত পাহারার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা অতিসত্বর বিভাগের অধীন জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করে এসব নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নেবেন।
প্রতিনিধি/আরএইচ