সৌদি থেকে ফিরে নিজের ঘরেই ঠাঁই নেই প্রবাসী রাব্বির। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়।
সৌদি আরব থেকে দেশে ফেরার ৮ দিন পরও নিজের ঘরে উঠতে পারেননি ফেনীর নজরুল ইসলাম রাব্বি। অভিযোগ, বাবার বাধায় বাড়িতে প্রবেশ করতে না পেরে গত কয়েক দিন ধরে ঘরের বাইরে অবস্থান করছেন তিনি।
ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ি এলাকায়।
রাব্বি জানান, গত ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। দীর্ঘদিন প্রবাসে থাকার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর আশায় নিজের বাড়িতে ফিরলেও বাবা জামাল উদ্দিন তাঁকে ঘরে প্রবেশ করতে বাধা দেন। ফলে বাড়িতে থেকেও নিজের ঘরে উঠতে পারছেন না তিনি।
রাব্বির অভিযোগ, তার বোনকেও নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন বাবা। বর্তমানে কখনো বাড়ির আশপাশে, আবার কখনো অন্যের সহযোগিতায় সময় কাটছে তাঁর।
রাব্বি বলেন, প্রবাসে থাকা অবস্থায় পরিবারের জন্য অর্থ উপার্জন করে দেশে ফিরেছেন তিনি। দীর্ঘদিন পর দেশে ফিরে নিজের বাড়িতে থাকার সুযোগ না পাওয়ায় তিনি চরম দুর্ভোগে পড়েছেন।
তবে রাব্বির অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা জামাল উদ্দিন। তিনি বলেন, “ও আমার ছেলে না। আমি তাকে ছেলে বলে স্বীকার করি না। প্রায় আড়াই বছর আগে তার মায়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। সে আমাকে প্রায় আড়াই বছর আমার বসতবাড়িতে ঢুকতে দেয়নি। এখন আমার বসতঘরে তাকে কেন ঢুকতে দেব? আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।”
এলাকাবাসীর কয়েকজন জানান, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁদের ভাষ্য, বাবা ও ছেলে কেউ কাউকে স্বীকার করছেন না। স্থানীয়দের দাবি, রাব্বির বাবা একাধিকবার বিয়ে করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন তারা। তবে রাব্বির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসের কষ্ট শেষে আপন ঠিকানায় ফিরে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা করেছিলেন রাব্বি। কিন্তু পারিবারিক বিরোধের কারণে নিজের বাড়িতে অবস্থান নিয়েই এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।
প্রতিনিধি/আরএইচ