আবারও পরিবারে নতুন অতিথির আগমনের বার্তা দিলেন বলিউডের অন্যতম তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কন্যাসন্তান সারায়াহর বয়স এক বছর পেরোতেই দ্বিতীয়বার মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়ের সুখবরটি ভাগ করে নেন তারা।
শেয়ার করা ছবিতে সিদ্ধার্থ, কিয়ারা ও তাদের প্রথম সন্তান সারায়াহর হাতের পাশাপাশি দেখা গেছে এক জোড়া ছোট শিশুর বোনা জুতা। গত বছর প্রথম সন্তানের আগমনের খবরের মতোই একই বিন্যাসের ছবিতে নিজেদের আনন্দ প্রকাশ করেন এই দম্পতি।
ছবির ক্যাপশনে কিয়ারা লেখেন, ‘এমন অমূল্য আশীর্বাদে আমাদের হৃদয় পুনরায় কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরে উঠেছে।’
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর গত বছরের ১৫ জুলাই তাদের ঘরে আসে প্রথম সন্তান সারায়াহ। সন্তান জন্মের পর দ্রুতই অভিনয় অঙ্গনে ফেরেন কিয়ারা; দক্ষিণী তারকা যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমায় কাজ করেছেন তিনি।
সম্প্রতি রাজ শামানির পডকাস্টে মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কিয়ারা। সেখানে তিনি জানান, মা হওয়ার পর তার জীবন সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে এবং নিজেকে আরও স্বাধীন ও মানসিক শক্তিতে বলীয়ান বা ‘টাইগ্রেস’ মনে হয়।
কাজের প্রতি কিয়ারার এই পেশাদারত্বের প্রশংসা করেছেন ‘টক্সিক’ সিনেমার সহ-অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি জানান, সিনেমাটির একটি ভারী বৃষ্টির দৃশ্যে চিত্রগ্রহণের সময় কিয়ারা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক নানা প্রতিকূলতা সত্ত্বেও দৃঢ়তার সঙ্গে তিনি দৃশ্যটির কাজ সম্পন্ন করেছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের প্রশংসিত চলচ্চিত্র ‘শেরশাহ’-এর সেটে প্রথম কাছাকাছি আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। ছবিতে পরমবীর চক্রপ্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ এবং ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেন কিয়ারা। পর্দার সেই প্রেম পরবর্তীতে বাস্তবে রূপ নেয় এবং বিবাহবন্ধনের মাধ্যমে পূর্ণতা পায়।
দেশবার্তা/একে