শোবিজ অঙ্গনে তারকাদের বিয়ে, বিচ্ছেদ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। সম্প্রতি সংগীতশিল্পী প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিবাহবিচ্ছেদের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা চলছে। আর ঠিক এই সময়েই সম্পূর্ণ ভিন্ন এক কারণে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।
কোনো বিতর্কের কারণে নয়, বরং এই ডামাডোলের মাঝে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা 'চিল' মেজাজের একটি পোস্ট ঘিরে সাফাকে নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
শোবিজের সমসাময়িক অনেক তারকাই সম্প্রতি বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, আবার কেউ কেউ হাঁটছেন বিচ্ছেদের পথে। প্রীতম-শেহতাজের বিয়েতেও উপস্থিত ছিলেন সাফা কবির। তবে তারকাদের অনেকে জীবনের এই নানা ধরনের ওঠানামার মধ্য দিয়ে গেলেও সাফা এখনো বিয়ে করেননি। প্রীতম-শেহতাজের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ মজার ছলে সাফার বর্তমান জীবনযাপনকে চলমান আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে যখন সহকর্মীদের বিয়ে ও বিচ্ছেদের খবর ঘুরপাক খাচ্ছে, তখন সাফা নিজের অ্যাকাউন্টে ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেন। বেগুনি সোফায় বাথরোব পরিহিত অবস্থায় মুখে শিট ফেসিয়াল মাস্ক ও চোখে সানগ্লাস পরে আরামদায়ক ভঙ্গিতে দেখা যায় তাকে। সামনে রাখা নাশতার প্লেট ও জুসের গ্লাস নিয়ে অবকাশ কাটানোর সেই ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করেছেন বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের গান ‘Te Olvido (La La)’।
পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই নেটিজেনদের মন্তব্য ও মিমসে সয়লাব হয়ে যায় নেটদুনিয়া। কেউ বিষয়টিকে সাফার নিজের মিম নিজে রিক্রিয়েট করা হিসেবে দেখছেন, আবার কেউ সহকর্মীদের বিয়ে-বিচ্ছেদের খবরের ভিড়ে সাফার এই নির্ভার অবস্থানকে নিজের জীবনের সঙ্গে মেলাচ্ছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!
যদিও নিজের এই ছবি বা ক্যাপশনে বিবাহবিচ্ছেদ বা অন্য কোনো বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সাফা কবির। ফলে এটি কেবল সমসাময়িক আলোচনার প্রেক্ষিতে নেটিজেনদের তৈরি করা কৌতূহল ও বিনোদনেই সীমাবদ্ধ রয়েছে।
দেশবার্তা/একে