ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে দলবদলের প্রক্রিয়ায় এবার যুক্ত হলো অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য কোয়েল মল্লিকের নাম। শাসকদল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। দলটির পক্ষ থেকে কোয়েলকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) প্রকাশিত বিজেপির রাজ্যসভা প্রার্থীতালিকায় কোয়েল মল্লিকের নাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে তার বিজেপি শিবিরে যোগ দেওয়া নিয়ে এতদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটল।
কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলটিতে ভাঙন শুরু হয়। সেই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই দিল্লিতে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফাপত্র জমা দেন কোয়েল।
অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি: ফেসবুক
তার পদত্যাগে শূন্য হওয়া সেই একই আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে তৃণমূলের হয়ে জেতা আসনটিতে বিজেপির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এর আগে তৃণমূল ছেড়ে আসা তিন রাজনীতিককে রাজ্যসভার সংসদ সদস্য করেছিল বিজেপি।
দীর্ঘ অভিনয় জীবনে বহু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেওয়ার পর কোয়েল মল্লিক সম্প্রতি অভিনয়ের ব্যস্ততা কমিয়ে রাজনীতিতে সক্রিয় হন। তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সংসদীয় রাজনীতিতে যুক্ত হওয়া এই অভিনেত্রী এবার বিজেপির হয়ে সংসদীয় রাজনীতিতে তার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।