ওপার বাংলার অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি নিজস্ব সৌন্দর্য ও ফ্যাশন স্টাইলে বরাবরই অনুরাগী ও ফ্যাশনপ্রেমীদের নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় এই তারকা এবার নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন।
সম্প্রতি শেয়ার করা একগুচ্ছ ছবিতে কৌশানির চোখধাঁধানো রূপ ফুটে উঠেছে। ছবিতে তাঁকে দেখা যায় গাঢ় নীল রঙের ভারী সিক্যুইন ও চমৎকার মিরর ওয়ার্কের নকশাদার ব্লাউজে। তার সঙ্গে ম্যাচিং করে তিনি পরেছেন মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি, যার পাড় ও আঁচলে রয়েছে রাজকীয় এমব্রয়ডারির নিখুঁত কাজ।
ছবিগুলোর ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’
পুরো লুকে রাজকীয় মাত্রা যোগ করতে কৌশানি বেছে নিয়েছিলেন হেভি স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস, মানানসই কানের দুল ও চওড়া ব্রেসলেট। চুলে বড় ওয়েভি কার্ল আর মায়াবী স্মোকি মেকআপে তাঁর রূপ আরও বেশি আকর্ষক হয়ে ওঠে। পোস্ট করার পরপরই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, অভিনেতা বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে কৌশানি মুখার্জির। বাণিজ্যিক ও সমসাময়িক ধারার চলচ্চিত্রে নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করে অল্প সময়ের মধ্যেই টালিউডে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।
দেশবার্তা/একে