রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে ৫৭৮টি গাড়ি ডাম্পিং ও ৩৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, আটটি ট্রাফিক বিভাগে পরিচালিত এ অভিযানে সর্বোচ্চ ৫৮৩টি মামলা হয়েছে উত্তরা বিভাগে। যেখানে ৫৪টি বাস, ২৬টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ২৩৯টি মোটরসাইকেল রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩২টি মামলা হয়েছে গুলশান বিভাগে (৫৩টি বাস, ৬টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেল)।
অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫০৪টি (২৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেল) এবং মিরপুর বিভাগে ৪৪৮টি মামলা (২০টি বাস, ৪১টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেল) করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৯টি (৩৩টি বাস, ১৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেল), তেজগাঁও বিভাগে ১৮০টি (১৪টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেল), লালবাগ বিভাগে ১৬৯টি (১০টি বাস, ৯টি ট্রাক, ২০টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেল) এবং রমনা বিভাগে ১৬৫টি মামলা (৯টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেল) দায়ের করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশবার্তা/একে