জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার (পি-৩) হিসেবে দেশের প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ করে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক এই সংস্থার দায়িত্বশীল পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ব্যারিস্টার জাইমা রহমান সব ধরনের পেশাদার শর্ত ও প্রাক-যোগ্যতা নিজস্ব মেধায় পূরণ করেছেন। সুতরাং এ অর্জন বা নিয়োগের সঙ্গে সরকারের বিন্দুমাত্র সম্পর্ক নেই বরং নিজের যোগ্যতায় বৈশ্বিক দরবারে অবস্থান তৈরির জন্য তাঁকে সাধুবাদ জানানো উচিত।
তিনি আরও বলেন, ‘তিনি (জাইমা রহমান) নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এই পদের জন্য অন্তত পাঁচ বছরের নির্দিষ্ট অভিজ্ঞতা প্রয়োজন হয়, যা তাঁর পেশাগত প্রোফাইলের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তিনি তাঁর নিজস্ব মেধা ও ক্যারিয়ারের জায়গা থেকে সেখানে দায়িত্ব পালন করছেন। অতীতে দেখা গেছে পারিবারিক প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে স্থান নেওয়ার চেষ্টা হতো, কিন্তু এখানে তেমন কিছুর সুযোগ নেই।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক, বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় গণমাধ্যমকে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে